বর্তমান পরিপ্রেক্ষিত

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, গাংনীতে বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা

By Meherpur News

June 04, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে গাংনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রীর মান ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযানে দেখা যায়, ইনসাফ বেকারীতে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারির মালিক ওমর ফারুকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন গাংনী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. মশিউর রহমান এবং জেলা পুলিশের একটি টিম।