মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ আগস্ট:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবসের দিনে রাষ্ট্রীয় নিয়ম লংঘন করে অনেক জানাজানি হওয়ার পর অবশেষে কয়েক ঘন্টা পর অফিসে জাতীয় পতাকা উত্তোলন করলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গাংনী উপজেলা কমান্ড। এ ঘটনায় সাধারণ মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করেন। পরে তারা গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গাংনী উপজেলা কমান্ডকে জানালে, বেলা ১১টার দিকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সারাদেশে যখন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছিল, ঠিক তখন গাংনী উপজেলা কমান্ডের এ ধরনের দায়িত্বহীনতায় বিস্ময় প্রকাশ করেছেন বিভিন্ন সচেতন ব্যক্তি ও রাজনৈতিক নেতারা। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক মেহেরপুর নিউজকে বলেন, ‘যে নেতার ডাকে বাংলাদেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সে নেতার শাহাদৎ বার্ষিকীতে মুক্তিযোদ্ধারা কোনো কর্মসূচি পালন করবেনা এটা দুঃখজনক।’
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম সোনা মেহেরপুর নিউজকে বলেন, ‘জাতীর পিতার শাহাদৎ বার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। এটা মুক্তিযোদ্ধা সংসদকেও অবমাননা করা হয়েছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি চাকরিজীবী হওয়ায় মুক্তিযোদ্ধা কমান্ডের সামনে কোনো দিনই জাতীয় পতাকা উত্তোলন হয়না।’
এ ব্যাপারে গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মুন্তাজ আলী মেহেরপুর নিউজকে বলেন, ‘পতাকা না উত্তোলন করলে কি হয়! সকালে না উঠলেও দুপুরে তো তোলা হয়েছে। পতাকা উত্তোলনের জন্য আমি আব্দুল লতিফ নামে একজনকে দায়িত্ব দিয়েছিলাম। সে কী কারণে পতাকা উত্তোলন করেনি সেটা আমি খোঁজ নিচ্ছি।’