মেহেরপুর নিউজঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম জাকারিয়া, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম নজরুল কবীর, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন এবং মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা।
অনুষ্ঠানে বক্তারা মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।