সর্বশেষ আপডেট জুলফিকার আলী কানন, মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ ডিসেম্বর: মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও মেহেরপুর আন্তজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক সাইদুর রহমান বেল্টু হত্যাকান্ডের ২ দিন পার হওয়ার পর অবশেষে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। যার মামলার নং: ১, তারিখ ০১-১২-১২ ইং,ধারা ৩০২/৩৪। আজ শনিবার বিকেলে নিহত বেল্টু’র মা সখিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে মামলাটি দায়ের করেন । গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নিহত বেল্টুর মায়ের দায়ের করা এজাহারটি নথিভূক্ত করা হযেছে। এসময় নিহত বেল্টুর ছোট ভাই ডাঃ সামিদুর রহমান,সেন্টু ও পুলিশের ওসি সামিদুর রহমান লাল্টু উপস্থিত ছিলেন। এদিকে বেল্টু হত্যার বিচার চেয়ে আওয়ামীলীগের ২ দিনের অবরোধ আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে। দলীয় নেতা হত্যার প্রতিবাদে ও পুলিশ সুপারের বদলীর দাবীতে আগামীকাল রোববার গাংনী উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল পালন করবে উপজেলা আওয়ামীলীগ সহ সর্বস্তরের জনতা। নিহত বেল্টুর মাতা সখিনা বেগম মামলা শেষে বেরিয়ে এসে জানান,আমার কলিজার টুকরা সন্তানকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই। আমি বিশ্বাস করি যরা প্রকৃত খুনি তাদের বিচার আমি দেখে যেতে পারব। এদিকে আগামীকালের হরতাল সফল করতে গাংনী উপজেলার সকল স্তরের জনগনের সহায়তা চেয়েছেন সাবেক এমপি আওয়ামীলীগ নেতা মকবুল হোসেন। গাংনী থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,বেলটু হত্যা মামলার মোটিভ উদঘাটনে পুলিশ অনেক দূরে এগিয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাবেনা। খুব অল্প সময়ের মধ্যে এ খুনের সকল তথ্য জণগনের সামনে বেরিয়ে আসবে। উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও মেহেরপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বেল্টুকে সন্ত্রাসীরা তার দেবীপুর গ্রামের বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।