মেহেরপুর নিউজঃ প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে আমঝুপি ইউনিয়নের খোকসা-কৈড়িকুড়ি খালের কিনারে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর কয়েকটি গাছের চারা রোপণের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ইউপি সদস্য হাফিজুর রহমান, আরিফ হোসেন, মকবুল হোসেন, আসাদুল হক পিন্টু, মেরিনা খাতুন, সালমা খাতুন এবং হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর আসিফ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।