বর্তমান পরিপ্রেক্ষিত

রাতের আঁধারে জলবিল মাঠ থেকে সেচের মোটর চুরি

By Meherpur News

June 18, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর সড়ক সংলগ্ন জলবিল মাঠ থেকে সেচ কাজে ব্যবহৃত একটি মোটর চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া মোটরটির মালিক মেহেরপুর নিউজের বিশেষ প্রতিনিধি শহিদুল ইসলাম।

জানা গেছে, বুধবার দিবাগত রাতে কোনো একসময় দুর্বৃত্তরা মাঠে স্থাপিত মোটরটি চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে মাঠে গিয়ে শহিদুল ইসলাম দেখতে পান, তার সেচের মোটরটি আর সেখানে নেই।

শহিদুল ইসলাম জানান, আমঝুপি-ইসলামনগর সড়কের জলবিল মাঠে নিজের জমি ও আশপাশের জমিতে সেচ দেওয়ার জন্য তিনি মোটরটি স্থাপন করেছিলেন। বর্তমানে খরা মৌসুম চলায় মোটরটি চুরি হওয়ায় তার নিজের জমিসহ আশপাশের কৃষকদের জমিতে সেচ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি বলেন, “এই খরা মৌসুমে মোটর চুরি হওয়ায় আমার জমি এবং আশপাশের অপর কৃষকদের জমির ব্যাপক ক্ষতি হবে।”

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন। স্থানীয় কৃষকদের মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত মোটরটি উদ্ধার এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।