শহিদুল ইসলাম, আমঝুপিঃ মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আসাদুল্লাহ খান। স্বাগত বক্তব্য দেন আমঝুপি ইউনিয়নের চাঁদবিল গ্রামের গুরু হালদার। এছাড়া বক্তব্য রাখেন মাজেদ রহমান। মঞ্চে উপস্থিত ছিলেন কাজী মিজান রহমান এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন বিএনপির নেতা জাহির হোসেন চঞ্চল, মেহেরপুর সদর থানা বিএনপির সাইদুর রহমান, বাসদের জেলা সভাপতি বাকি বিল্লাহ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে দলের নেতৃত্ব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই আরও সুসংগঠিত হবে।
অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মেহেরপুর জেলা প্রতিনিধি হাসিবুর জামান স্বপন।