নির্বাচন

উৎসাহ-উদ্দীপনায় মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু

By Meherpur News

February 12, 2026

মেহেরপুর নিউজঃ

উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। মেহেরপুর-1 আসন (মেহেরপুর সদর ও মুজিবনগর) এলাকায় মোট ৩ লাখ ১৩ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৩৫ জন, মহিলা ভোটার ১ লাখ ৫৮ হাজার ৬২০ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।

এই আসনে একটি পৌরসভা ও দুটি উপজেলায় মোট ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

১২৩টি কেন্দ্রে মোট ৪৬৪টি বুথে ভোট গ্রহণ করা হচ্ছে। দায়িত্ব পালন করছেন ১২৩ জন প্রিজাইডিং অফিসার, ৬৩৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ২৬৬ জন পোলিং অফিসার। বুধবারই তারা নিজ নিজ কেন্দ্রে অবস্থান নেন।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ২ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার ভিডিপি সদস্য নিয়োজিত রয়েছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করছেন। নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও মাঠে উপস্থিত।