বর্তমান পরিপ্রেক্ষিত

একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি ভেঙ্গে মসজিদ নির্মাণ; প্রধানমন্ত্রী বরাবর আবেদন

By মেহেরপুর নিউজ

June 17, 2023

মেহেরপুর নিউজ:

দরিদ্র ভূমিহীন প্রতিবন্ধি পরিবারের একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসতবাড়ি ভেঙ্গে সরকারী মসজিদ নির্মাণের লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসক কর্তৃক জমি অধিগ্রহণের অপচেষ্টার বিরুদ্ধে প্রধানমন্ত্রী বরাবর আবেদন জানিয়েছেন মেহেরপুরের মুজিবনগরের মেরিনা খাতুন নামের এক বৃদ্ধা।

মেরিনা খাতুন তার আবেদনে যা বলেন, সব ধর্মে যেখানে ঘরভাঙ্গা আর মসজিদ ভাঙ্গা ঘটনাকে সমান কথা বলা হয়ে থাকে-সেখানে মেহেরপুর জেলা প্রশাসক আজিজুল ইসলাম আমাদের একমাত্র বসতভিটা ভেঙ্গে সরকারী মসজিদ করতে মরিয়া হয়ে উঠেছেন। প্রতিবন্ধি ভূমিহীন পরিবারের কোন আকুতি মিনতি ও যৌক্তিকতা জেলা প্রশাসকের মনকে স্পর্শ করতে পারছে না। কারণ আমি মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হয়েও দুইদিন এই জেলা প্রশাসকের দপ্তরে গিয়ে ঘর ভেঙ্গে মসজিদ না করে বসতভিটে রক্ষার দাবীতে পা ধরে হাউমাউ করে কেঁদেও মন গলাতে পারিনি।

আবেদন আরো বলা হয়েছে, আমি আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে দেশের একমাত্র স্থান ঐতিহাসিক মুজিবনগর উপজেলা বাগোয়ান ভূমি অফিসভুক্ত রসিকপুর রতনপুর গ্রামের মোছা: মেরিনা পারভিন (৫০)। জাতীয় পরিচয়পত্র নম্বর- ৬৪০৪৭৩৪২৩৫। আমার স্বামী জিয়ারুল বিশ্বাস একজন বুদ্ধিপ্রতিবন্ধি। মুজিবনগরের মানিকনগর মৌজার ৪০৪/২/১ খতিয়ানে ১১৭৪ দাগ নম্বরে ২০ শতক জমির মধ্যে মাত্র ২ শতক জমি নিয়ে বসবাস আমার। পরিবারের সবার কাছ থেকে কর্জ করে ৭ লক্ষ টাকার জমিটি কিনে সেখানে ১ ছেলে ও ১ মেয়ে সহ ৪ সদস্যের পরিবার নিয়ে বসবাস করছি। এই জমির উপর বহুকষ্টে তিলতিল করে জমানো প্রায় ২০ লক্ষ টাকা ব্যায় করে শখের এবং স্বপ্নের ৪ কামরার বসতঘর নির্মাণ করেছি। এই বাড়ি ছাড়া আমাদের আর কিছুই নেই। অথচ-মেহেরপুর জেলা প্রশাসক সেই বসতঘর ভেঙ্গে মসজিদ নির্মাণ করতে জমি অধিগ্রহণের পত্র দিয়ে আমাদের সুন্দর সাজানো সংসারকে ভেঙ্গে কেন পথে বসিয়ে দিতে চাইছেন বোধগম্য নয়।

আবেদনে বৃদ্ধা মেরিনা খাতুন আরোও বলেন, আশপাশের ফাঁকা সব জায়গা বাদ দিয়ে কোন রহস্যজনক কারণে ঘর ভেঙ্গে অল্প দূরত্বে একাধিক মসজিদ করার এমন উদ্যোগ জেলা প্রশাসক নিলেন তা আমার অজানা। আমরা এই প্রথম একজন প্রতিমন্ত্রী পেয়েছি। যিনি মেহেরপুরের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনার আমলে অসহায়রা সহায় সম্বল পেয়েছে। গৃহহীনরা বাড়ি পেয়েছে। প্রতিবন্ধি, বিধবা, বয়স্করা ভাতা পাচ্ছে। মুক্তিযোদ্ধারা নতুন ঘর পেয়েছে। প্রধানমন্ত্রীর ঘর উপহারের মাধ্যমে শত শত ছিন্নমূল পরিবার তাদের ঠিকানা পেয়েছে। তাহলে আমার মত একজন অসহায় প্রতিবন্ধি পরিবারের একমাত্র বসতভিটা উচ্ছেদ করে সেখানে মসজিদ নির্মাণ কেন? আশপাশে ৪টি মসজিদ থাকা সত্বেও নতুন এই মসজিদ নির্মাণের উদ্যোগ একজন ভূমিহীনকে পরিকল্পিতভাবে পথে বসানের সামিল।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্ব মানবতার মা। সমাজে শান্তি প্রতিষ্টা করে সুন্দর বাংলাদেশ গড়া আপনার ব্রত। তাই জেলা প্রশাসকের এহেন অপচেষ্টা রোধ করে ভূমিহীন পরিবারটিকে রক্ষা করতে আমি আপনার আশু হস্তক্ষেপ কামনা করছি।