মেহেরপুর নিউজঃ ঢাকাস্থ মেহেরপুর জেলা সমিতির উদ্যোগে এবং মেহেরপুর এমকেএসপির সহযোগিতায় অনুষ্ঠিত স্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এ দুর্দান্ত জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে অ্যাক্টিভ।
রবিবার দুপুরে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ম্যাচে অ্যাক্টিভ ৬৬ রানে এনেক্সকে পরাজিত করে।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে অ্যাক্টিভ নির্ধারিত ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সায়েদ ৪৫ ও টিটু ৩১ রান করেন। এনেক্সের পক্ষে আতি ও সুজা একটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনেক্স নির্ধারিত ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে মিলন সর্বোচ্চ ২০ রান করেন।
অ্যাক্টিভের বোলার সেন্টু দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে হ্যাটট্রিকসহ ৪টি উইকেট লাভ করেন। তার বিধ্বংসী বোলিংয়ে এনেক্স বড় ব্যবধানে পরাজিত হয় এবং অ্যাক্টিভ নিশ্চিত করে ফাইনালের।