মেহেরপুর নিউজ,২৭ মে: পরপর দুদিন সড়ক দূর্ঘটনায় দু’জনের মৃত্যুর পর এবার শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুস সালাম নামের এক আলগামন চালক গুরুতর জখম হয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আব্দুস সালাম শহরের তাহের ক্লিনিক পাড়ার আজগর আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মেহেরপুরে কাটাইখানার সামনের সড়কে ঘাস বোঝাই করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় আলগামনটি ভেঙ্গে তছনছ হয়ে যায় এবং চালক সালাম রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।