বর্তমান পরিপ্রেক্ষিত

ঐতিহ্যের আবহে মেহেরপুরে নববর্ষের আলোচনা সভা

By Meherpur News

April 14, 2026

মেহেরপুর নিউজ:

নতুনের আহ্বান আর পুরাতনের স্মৃতিকে বুকে ধারণ করে বাংলা নববর্ষকে ঘিরে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে এক সুধীসমাবেশ। শুভ নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানের মফিজুর রহমান মুক্তমঞ্চে আয়োজিত হয় এ আলোচনা সভা।

বাংলা নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সাংস্কৃতিক চেতনার নানা দিক নিয়ে প্রাণবন্ত আলোচনা হয় সভায়। বক্তারা বলেন, পহেলা বৈশাখ কেবল একটি দিন নয়—এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক, শেকড়ের টানে ফিরে যাওয়ার এক নির্মল উপলক্ষ।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিকুল ইসলাম। বক্তব্যে তিনি নববর্ষের অন্তর্নিহিত তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে এ ঐতিহ্য ধারণ ও লালনের আহ্বান জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিলটন, মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দিন খানের প্রতিনিধি আল আমিন ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বাংলা নববর্ষকে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির মিলনমেলা হিসেবে তুলে ধরেন। উৎসবের এ দিনটি যেন কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন তারা।