শিক্ষা ও সংস্কৃতি

কলেজ ছাত্রকে মারধরের প্রতিবাদে ঘন্টাব্যাপী মেহেরপুর-কুষ্টিয়া সড়ক অবরোধ

By মেহেরপুর নিউজ

August 10, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ আগষ্ট: বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে মেহেরপুর সরকারী কলেজের এইচ এস সি ২য় বর্ষের দুই ছাত্রকে বাস শ্রমিকরা মারধর করার প্রতিবাদে মেহেরপুর-কুষ্টিয়া সড়ক ঘন্টাব্যাপী অবরোধ করে রাখে ছাত্ররা। এসময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে  মেহেরপুর সরকারী কলেজ গেটের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে লাঠি শোঠা হাতে নিয়ে ছাত্ররা এই অবরোধ করে। এতে ছাত্রলীগের নেতাকর্মীসহ সাধারণ ছাত্ররাও  সড়ক অবরোধে অংশ নেয়।

পরে বেলা সাড়ে ১২ টার দিকে মেহেরপুর সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল হক, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম, সদর থানার ওসি শেখ আতিয়ার রহমান,মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল হান্নান, সহ-সভাপতি ফারুক হোসেন,শ্রমিক নেতা মতিয়ার রহমান একত্রে মিলে আলোচনা শেষে অভিযুক্ত শ্রমিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। এরপরই ছাত্ররা অবরোধ তুলে সড়ক যান চলাচলের উপযোগী করে দেয়। জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার কোমরপুর থেকে মেহেরপুর সরকারী কলেজের এইচ এস সি ২য় বর্ষের দুই ছাত্র ওয়াহিদ ও মিজান লোকাল বাস যোগে মেহেরপুর কোর্ট মোড়ে আসছিলো।

এ সময় তারা বাসের ভাড়া অর্ধেক দিতে গেলে সুপারভাইজার সবুজ তাদের সাথে খারাপ আচরন করে। এতে তাদের মধ্যে কথাকাটির এক পর্যায়ে বাস মেহেরপুর কোর্ট মোড়ে এসে পৌছালে সুপারভাইজার ছাত্রদের দু’জনকে চড় থাপ্পর মারে। বিষয়টি তার কলেজে এসে অন্যান্য ছাত্রদের জানালে ছাত্রদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এক পর্যায়ে কলেজ ছাত্রলীগের সভাপতি বিষয়টি অবহিত হয়ে সেও ক্ষোভ প্রকাশ করে এবং সাধারণ ছাত্রদের সাথে একাত্মতা প্রকাশ করে । পরে কলেজের ক্লাস বন্ধ রেখে ছাত্ররা কলেজ গেটের সামনের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে।