অন্যান্য

আমঝুপি’র কুদ্দুস হত্যা রহস্যের জট খুলতে শুরু করেছে ।। কুদুসের স্ত্রী বকুল কারাগারে

By মেহেরপুর নিউজ

August 11, 2014

এক্সক্লুসিভ:

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ আগষ্ট: হায়রে প্রেম! এই প্রেমের কারণেই জীবন দিতে হলো ব্যবসায়ী কুদ্দুসকে। কুদ্দুসের স্ত্রী বকুলের প্রেমে মজিয়ে অবশেষে কুদ্দুসকে হত্যা করলো শফিকুল।

মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলার প্রধান আসামী কিলার শফিকুল হত্যার সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করায় জট খুলতে শুরু করেছে এই নৃশংস হত্যাকান্ডের। ৪ দিনের পুলিশী রিমান্ডের ৩য় দিনের শেষে  হত্যা মিশনে জড়িত থাকার স্বীকার করে ঘাতক শফিকুল ।

শফিকুল পুলিশকে জানায়, কুদ্দুসের স্ত্রী বকুলের সাথে তার পরকীয়ার জের ধরে এ হত্যাকান্ড সংগঠিত হয়েছে ।

মামলার তদন্তকারী অফিসার এস আই দুলু মেহেরপুর নিউজকে বলেন,মঙ্গলবার শফিকুলের ৪ দিনের রিমান্ড শেষ হলে তাকে আবারো রিমান্ডে নেয়ার জন্য আদালতের কাছে আবেদন করা হবে।

এদিকে শফিকুলের স্বীকারোক্তীর পর পুলিশ আজ সোমবার সকালে আমঝুপি থেকে কুদ্দুসের স্ত্রী বকুলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে ।

উল্লেখ্য, গত ৩১ জুলাই মেহেরপুর সদর উপজেলার আমঝুপি’র মুদি ব্যবসায়ী আব্দুল কুদ্দুসকে কুপিয়ে হত্যা করে একটি ডোবায় খড়কুটো দিয়ে ফেলে রাখে সন্ত্রাসীরা। সেই দিন রাতে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে  একই গ্রামের শফিকুলকে আটক করে পুলিশ ।

এর দুই দিন পরে কোলার একটি বাড়ি থেকে শফিকুলের রক্তমাখা সাইকেল উদ্ধার করে পুলিশ। এর পর থেকে শফিকুলের দিকে সন্দেহের মাত্রা বেড়ে যায় পুলিশের। পরে গত শনিবার শফিকুলকে ৪ দিনের রিমান্ড নেয় পুলিশ। রিমান্ডের ২য় দিনে শফিকুল হত্যাকান্ডের সাথে আমঝুপি গ্রামের ঈমান আলী ও তার ছেলে মফিজের জড়িত থাকার বলে। পরে পুলিশ তাদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়। রিমান্ডের ৩য় দিন আজ সোমবার বিকালে হত্যাকান্ডের সাথে তার সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে পুলিশের কাছে।