বর্তমান পরিপ্রেক্ষিত

কুলবাড়িয়ায় গৃহবধুর মরদেহ উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি লিচুবাগান থেকে শাহাননারা খাতুন (৪০) নামের এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঐ গ্রামের তালপাড়া পলি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। শাহাননারা খাতুন কুলবাড়িয়া গ্রামের মৃত রহিদুল ইসলামের স্ত্রী। সকালের দিকে কয়েক ব্যক্তি মাঠে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশকে খবর দেন। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করেন।

লাশের পাশে একটি মোবাইল ও একজোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে অনেকে ধারণা করছেন। এর আগে সন্ধ্যা থেকে শাহানারা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সকালে কুলবাড়িয়া গ্রামের তালপাড়া পলি মাঠে কাজ করতে গিয়ে একটি নারীর মরদেহ দেখতে পেয়ে কৃষকরা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শাহাননারাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে লাশের ময়নাতদন্তের পর আসল রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে। পরিবারের মধ্যে কোন পারিবারিক কোলহ ছিলো কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।