মেহেরপুর নিউজঃ
জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় সিভিল সার্জন কুষ্টিয়ার আয়োজনে এবং ব্র্যাকের সহযোগিতায় যক্ষ্মা প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমকে আরও জোরদার করণের লক্ষ্যে গ্রাজ্যুয়েট প্রাইভেট প্রাকটিশনারদের নিয়ে কুষ্টিয়ায় দিনব্যাপী যক্ষ্মা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে কর্মশালাটি আয়োজন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মান্নান ও জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
দিনব্যাপী এই কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার গ্রাজ্যুয়েট প্রাইভেট প্র্যাকটিশনার, সরকারি মেডিকেল অফিসার এবং স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্টরা অংশ নেন। কর্মশালায় যক্ষ্মা রোগের বর্তমান পরিস্থিতি, দ্রুত শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালায় যক্ষ্মারোগ বিষয়ে মূল প্রেজেন্টেশন পরিচালনা করেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. এস এম মাসুদুজ্জামান। তিনি বলেন, যক্ষ্মা এখনও দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। তবে রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিশ্চিত করা গেলে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব।
তিনি আরও বলেন, দীর্ঘদিন কাশি, জ্বর, ওজন কমে যাওয়া কিংবা রাতে অতিরিক্ত ঘাম হওয়া যক্ষ্মার অন্যতম লক্ষণ। এসব উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন তিনি।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক আলমাছুর রহমান, জেলা ম্যানেজার (টিবি) আবু হানিফ মোড়ল, প্রোগ্রাম অফিসার আব্দুল মান্নাফ এবং পিপিএম অ্যাসিস্ট্যান্ট রুবেল মিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাসরিন আক্তার।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. শেখ মোহাম্মদ কামাল হোসেন বলেন, যক্ষ্মা একটি জীবাণুঘটিত সংক্রামক রোগ, যা মূলত হাঁচি-কাশির মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রধানত ফুসফুসকে আক্রান্ত করে। সময়মতো চিকিৎসা না নিলে রোগটি জটিল আকার ধারণ করতে পারে। তাই যক্ষ্মা নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং নিয়মিত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় অংশ নেওয়া চিকিৎসকেরা মনে করেন, সরকারি ও বেসরকারি পর্যায়ের সমন্বিত উদ্যোগ এবং প্রাইভেট প্র্যাকটিশনারদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে যক্ষ্মা নিয়ন্ত্রণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।