মেহেরপুর নিউজ :
কৃষি, স্বাস্থ্যসেবা ও পুষ্টি, শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, যুব ও ক্রীড়া, যোগাযোগ ব্যবস্থা, নারীর অধিকার ও উন্নয়ন এবং পরিকল্পিত নগরায়ন গড়ার প্রত্যয়ে মেহেরপুর-১ আসনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রবিবার রাতে শহরের একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করা হয়। জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান ইশতেহার পাঠ করেন।
ইশতেহারে কৃষকদের জন্য সুদবিহীন ঋণ প্রদান, কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের মাধ্যমে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি উন্নত প্রযুক্তির হিমাগার স্থাপন করে কৃষিপণ্য সংরক্ষণ, গুদামজাতকরণ ও রপ্তানির ব্যবস্থা, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণে সহায়তা এবং পরিবহনের জন্য বিশেষ ব্যবস্থার কথা উল্লেখ করা হয়।
স্বাস্থ্য খাতে ৬০ বছরের ঊর্ধ্বে এবং পাঁচ বছরের নিচের সকল নাগরিকের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। মেহেরপুর সদর হাসপাতাল ও মুজিবনগর স্বাস্থ্যকেন্দ্র আধুনিকায়ন, প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, ফার্মাসিস্ট ও দক্ষ জনবল নিয়োগ এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহের কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
শিক্ষা খাতে শিক্ষার আধুনিকায়ন, গবেষণাভিত্তিক শিক্ষা এবং কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ ও কর্মমুখী জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে বিধি মোতাবেক দ্রুত এমপিওভুক্ত করা, মেহেরপুরে আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলা এবং একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। যুব উন্নয়নে “যুবকরা আপদ নয়, জাতীয় সম্পদ” স্লোগান তুলে ধরে গ্র্যাজুয়েটদের জন্য দুই বছর মেয়াদি ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান এবং আইটি ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষতা বৃদ্ধির কথা বলা হয়।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলায় বিদ্যমান এইচবি রাস্তা সহ সকল সড়ক পাকাকরণ, রেললাইন স্থাপন এবং স্থলবন্দর নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করা হয়। নারীর অধিকার ও উন্নয়নে নারী নির্যাতন, যৌন হয়রানি ও সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন, শিল্পকারখানা ও অফিসে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সহায়তা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
পরিকল্পিত নগরায়নের অংশ হিসেবে বিসিক শিল্পনগরীতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা, তিন বছরের জন্য শিল্পখাতে গ্যাস, বিদ্যুৎ ও পানির চার্জ মওকুফ, টেকসই ও পরিবেশবান্ধব নগর গড়ে তোলার কথা বলা হয়। পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সকল সেবা দ্রুত নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
ইশতেহারে সকল ধর্মের মানুষের জন্য নির্বিঘ্নে ধর্মীয় আচার পালনের পরিবেশ নিশ্চিত করা, ইমাম, মুয়াজ্জিন, আলেম-ওলামা ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের জন্য ঝুঁকি ভাতা চালু, ভৈরব নদ ও খাল-বিল সংস্কার করে মাছ চাষের ব্যবস্থা এবং শিশুদের জন্য মেহেরপুর শহরের পার্শ্ববর্তী এলাকায় বিনোদন পার্ক নির্মাণের কথাও উল্লেখ করা হয়।
মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিনের সঞ্চালনায় ইশতেহার ঘোষণার পূর্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সোহেল রানা, পৌর আমির সোহেল রানা ডলার, মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, খেলাফত মজলিসের জেলা সভাপতি শাহ আলমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।