মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ জুলাই: মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান অবশেষে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে আদালত অবমাননার দায় থেকে বাঁচলেন। অপরদিকে আদালতের নির্দেশে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করেছেন ওসি আতিয়ার রহমান। আজ সোমবার দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের -১ এর জৌষ্ঠ বিচারক মো: মতিউর রহমানের আদালতে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন তিনি। সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমানের আইনজীবি একেএম শফিকুল আলম জানান, ওসি আদালতে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তার অপরাধের বিষয়ে সতর্ক করে ক্ষমা প্রদান করেন। উল্লেখ্য সম্প্রতি এক সাহেব আলী নামের এক আসামী তার দেয়া জবানবন্দিতে ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ তোলেন । আদালতের জৌষ্ঠ বিচারক মো: মতিউর রহমান বিষয়টি আমলে নিয়ে তরিকুল ইসলামের বিরুদ্ধে সদর থানার ওসি শেখ আতিয়ার রহমানকে মামলা দায়েরের নির্দেশ দেন । থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আতিয়ার রহমান আদালতের এই আদেশ অমান্য করায় গত ১ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান স্বপ্রাণোদিত হয়ে আদালত অবমাননার মামলাটি দায়ের করেন।
অপরদিকে, গত ৭ জুলাই আদালতের নির্দেশনা অনুযায়ী ওসি (তদন্ত) তরিকুল ইসলামের বিরুদ্ধে ১৬১ পেনাল কোডসহ ১৯৪৭ সোলের দূর্ণীতি দমন আইন ( ২ নং আইন) এর ৫(২) এর অনুযায়ী ঘুষ গ্রহনের অভিযোগে সদর থানায় একটি মামলা রুজু করেন ওসি শেখ আতিয়ার রহমান। যার মামলা নং -০৫,তারিখ ০৭-০৭-১৪ ইং।পরে নথিটি দূর্ণীতি দমন কমিশন ,কুষ্টিয়া সমন্বিত কার্যালয়ের উপপরিচালকের দপ্তরে পাঠিয়েছেন বলে জানা গেছে।