মেহেরপুর নিউজঃ মেহেরপুর শহরের শেখ পাড়ায় এক মর্মান্তিক হত্যাকাণ্ডে খালাতো ভাইয়ের হাতে গোলাম হোসেন (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম হোসেন বাগান থেকে বাড়ি ফিরে গোসল করার সময় তার খালাতো ভাই কালু ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় নিহতের স্ত্রী আলিয়া খাতুন ঘটনাটি প্রত্যক্ষ করেন।
এর আগে দুই দিন আগে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, গোলামের রিকশা বন্যা নামে এক নারীর বাড়ির প্রাচীরে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কালু ও বন্যার সাথে তার মারামারি হয়েছিল, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় গোলাম হোসেনকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্ত কালু ও তার কথিত সহযোগী বন্যা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে।