মেহেরপুর নিউজ:
খুলনা বিএনএসবি হাসপাতালে সংগঠিত অনভিপ্রেত ঘটনা এবং ডা. মোঃ রফিকুল ইসলাম বাবলুকে হয়রানির অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মেহেরপুর। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ড্যাব মেহেরপুরের সাধারণ সম্পাদক ডা. ওবায়দুল ইসলাম পলাশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানান। বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখে খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজগর আলী বিএনএসবি হাসপাতাল পরিদর্শনে গেলে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. মোঃ রফিকুল হক বাবলুসহ সংশ্লিষ্টরা তাকে যথাযথ সম্মান প্রদর্শন করেন।
কিন্তু পরবর্তীতে সংসদ সদস্য নিজেকে হঠাৎ করে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ঘোষণা করেন বলে অভিযোগ করা হয়। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজন স্থানীয় নেতা ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান ডা. বাবলুকে অশালীন ভাষায় গালিগালাজ ও পদত্যাগে চাপ প্রয়োগ করেন, যা ড্যাবের মতে অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনএসবি চক্ষু হাসপাতাল একটি স্বীকৃত দাতব্য প্রতিষ্ঠান, যেখানে প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ ব্যতীত ট্রাস্টি বোর্ড ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের আচরণ আইনবিরোধী এবং একটি সেবামূলক প্রতিষ্ঠানের সুশাসন ও কার্যক্রমকে ব্যাহত করে।
ড্যাব মেহেরপুর মনে করে, একজন জ্যেষ্ঠ ও সম্মানিত চিকিৎসককে এভাবে অপদস্ত করা পুরো চিকিৎসক সমাজের জন্য অপমানজনক। সংগঠনটির নেতৃবৃন্দ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং হাসপাতালে স্বাভাবিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা জানান, ড্যাব সবসময় চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষায় আপসহীন থাকবে।