মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৯ মার্চ: মেহেরপুরের গাংনী উপজেলার খাস মথুরাপুর গ্রামের রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ড ঘটে ১৩ বাড়ির ২০ টি ঘর পুড়ে গেছে। আজ রবিবার বিকাল ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে খাস মথুরাপুর গ্রামের হাশেম উদ্দীন, রেজাউল হক, সাইফুল ইসলাম, মহির উদ্দীন, লাজু হোসেন, বাবুসহ এলাকার ১৩ জনের প্রায় ২০ টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ বাড়ির মালিকরা জানান, ১৩ টি পুড়ে যাওয়া বাড়িতে ঘরে থাকা নগদ টাকা সহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, লাজু’র রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই সব বাড়িগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া বাড়ির মালিক লাজু জানান, আর মাত্র কয়েকদিন পরে আমার বিদেশ যাওয়া ফ্লাইট হবে। বিদেশ যাওয়ার জন্য ঘরে রাখা প্রায় ৪ লাখ টাকাসহ ঘরের সমস্ত মালামাল পুড়ে গেছে। আমি এখন অসহায় হয়ে পড়েছি। আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িতে আক্রান্ত হওয়ায় স্থানীয় মসজিদের মাইকে প্রচার করে গ্রামের লোকজনকে খবর দিলে গ্রামবসীরা আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ওই বাড়িগুলোর সমস্ত মালামালসহ ঘরগুলো পুড়ে ছাই হয়ে যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সঠিক ক্ষয়ক্ষতি ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।