বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে অপরিকল্পিতভাবে মাটি কাটায় ভবন ধসে যাচ্ছে

By মেহেরপুর নিউজ

February 03, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ পাড়ায় নজরুল ইসলাম নামের এক কলেজের প্রভাষক বিল্ডিং নির্মাণের লক্ষে মাটি কাটার কারণে পাশের দোতলা একটি ভবন ধসে যাচ্ছে।

ভবন ধসের কারণে দুর্ঘটনা এড়াতে ভবনের মালিক আব্দুল আলিম ভবন ছেড়ে এখন অন্যত্রে বসবাস করছেন। ভবন নির্মাণ (ইমারত) নীতিমালা ও পৌরসভার ভবন নির্মাণ নীতিমালাকে অমান্য করে বিল্ডিং নির্মাণের লক্ষে গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা ও কলেজের প্রভাষক নজরুল ইসলাম বৃহস্পতিবার সকালের দিকে শ্রমিক দিয়ে মাটি খনন করাচ্ছিলেন। এসময় পাশেই বানিয়াপুর গ্রামের ব্যবসায়ী আব্দুল আলীমের দোতলা বিল্ডিং হেলে যায়।

খবর পেয়ে গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলী কাউন্সিলরদের সাথে নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিল্ডিং ধসে যেনো কোন প্রাণহানি না হয় সেজন্য তিনি সাময়িকভাবে মাটিকাটার কাজ স্থগিত করেন।

হেলে যাওয়া বিল্ডিংয়ের মালিক আব্দুল আলিম বলেন,১৯৯৫ সালে গাংনী-হাটবোয়ালিয়া সড়কের গাংনী কেন্দ্রীয় ঈদগাহ পাড়ায় ৩ শতক জমির উপর দ্বিতল ভবন নির্মাণ করে বসবাস করে আসছি। গত বুধবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ডিগ্রী কলেজের প্রভাষক ও বানিয়াপুকুর গ্রামের বাসিন্দা নজরুল ইসলাম আমার দোতলা বিশিষ্ট ভবনের সাথে তার বাড়ি নির্মাণের জন্য এসকেভেটর মেসিন দিয়ে মাটি কাটা শুরু করেন। মাটি কাটতে কাটতে আমার ভবনের নীচ পর্যন্ত চলে আসে। বৃহস্পতিবার ভোরে বাড়ির নীচের অংশ ধসে যায়। এছাড়া ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। বাড়িটি বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

আমি ইতোমধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গাংনী পৌরসভার মেয়র ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছি।

এদিকে প্রভাষক নজরুল ইসলাম জানান, অনাকাঙ্খিতভাবে ঘটনা ঘটে গেছে। তবে ভবনটাকে রক্ষা করার চেষ্টা চলছে। বামন্দী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা ইছাহাক আলী বলেন,বিষয়টি সরেজমিন তদন্ত করা হয়েছে। তবে ভবনটি যে কোন সময় ভেঙ্গে যেতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। একারণে ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান না করার জন্য বলা হয়েছে। গাংনী পৌর মেয়র আহমেদ আলী বলেন,নজরুল ইসলাম ভবন অনুমোদনের শর্ত ভঙ্গ করেছে। আইনের বিষয়টি দেখভাল করা হচ্ছে। অবশ্যই আইন অনুযায়ী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।