বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৫ জন আহত

By মেহেরপুর নিউজ

December 10, 2018

মেহেরপুর নিউজ, ১০ ডিসেম্বর :

মেহেরপুরের গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামে নির্বাচন কেন্দ্রীয় বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৫ জন আহত হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপর জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি দুর্লভপুর গ্রামের বাসিন্দা তোহিদুল ইসলাম ও দুলর্ভপুর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হায়দার আলী পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। নির্বাচন নিয়ে দুপক্ষের মধ্যে গত তিন দিন থেকে উত্তেজনা বিরাজ করছিল। এর জেরে ঘটনার সময় গ্রামের আশরাফুল ইসলামের চায়ের দোকানে হায়দার পক্ষের লোকজনের উপর হামলায় চালায় তোহিদ পক্ষের লোকজন। রামদা দিয়ে কুপিয়ে তারা ৫ জনকে রক্তাত্ব জখম করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করলে উসমান গনি, আব্দুর রাজ্জাক, আজমত আলী ও এনামুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। জিয়া উদ্দীন নামের এক জনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।