বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে আপন ভাই ও বোন-ভগ্নিপতির হামলায় বড় ভাই নিহত

By মেহেরপুর নিউজ

May 23, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে আপন ছোট ভাই ও বোন-ভগ্নিপতির হামলায় বড় ভাই খলিলুর রহমান (৬০) নিহত হয়েছেন। ৩ সন্তানের জনক নিহত খলিলুর রহমান হিন্দা গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে।

সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত খলিলুর রহমানের স্ত্রী আসুরা খাতুন জানান,আমার স্বামী একজন মানষিক রোগী। গত শনিবার বিকেলের দিকে সে তার ছোট ভগ্নিপতি আবু বক্করের বাড়ির উঠানের লেবু গাছের একটি ডাল কেটেছিলেন।

এ নিয়ে তার ছোট ভাই হবিবুর রহমান,তার ছেলে সজিব হোসেন,ভগ্নিপতি আবু বক্কর ,তার স্ত্রী আজিমন নেছা বেধড়ক পেটায়। পেটানোর এক পর্যায়ে আমার স্বামী খলিল গুরুতর ভাবে আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কিছুটা সুস্থ্য হলে,তাকে বাড়িতে নেয়া হয়। রোববার রাতে সে আবারো অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালের দিকে মারা যান। আমার স্বামীকে এভাবে প্রকাশ্যে হামলা ও হত্যা করা হয়েছে। দোষীদের শাস্তি দাবি করছি। খবর শুনে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এদিকে,খলিল নিহতের পর হামলাকারীরা ঘা ঢাকা দিয়েছে। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,এ ঘটনায় অভিযোগ পেলে,আইনগত ব্যবস্থা নেয়া হবে।