রাজনীতি

গাংনীতে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার ঘটনায় দু’পক্ষের পাল্টাপাল্টি সাংবাদিক সম্মেলন

By মেহেরপুর নিউজ

January 06, 2014

আপডেট মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী: গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও আওয়মীলীগের মনোনীত প্রার্থী এম এ খালেকের বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাটের অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেকের নির্বাচনী অফিসে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের পক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ খালেক। সাংবাদিক সম্মেলন উপজেলা আওয়ামীলীগের সভাপতি দাবী করেন, নির্বাচনের আগেই উপজেলার ৬ টি ভোট কেন্দ্রের ব্যাপারে অভিযোগ দেওয়া হয়েছিল। সেখানে জোর করে ভোট নেওয়া হবে বলে আশংকা করে এ অভিযোগ দেওয়া হয়। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমাদের দেওয়া সেই অভিযোগের কোন পদক্ষেপ নেওয়া হয়নি। তাই আমাদের প্রতিপক্ষরা ওই সব কেন্দ্রগুলোতে জোর করে ভোট নিয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক অভিযোগ করে বলেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় আজকে স্বতন্ত্র প্রার্থীর লোকজন বিনা উস্কানিতে সমাবেশ থেকে ঘোষনা দিয়ে আমার বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট করেছে। আমার নির্বাচনী অফিসে থাকা প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবিও ভাঙচুর এবং পদদলিত করেছে।

এ হামলা ভাঙচুর ও লুটপাটসহ দেশ নেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের কোন প্রতিকার না পেলে গণ পদত্যাগেরও হুমকী দেন তারা। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের সাংবাদিক সম্মেলনের পর সংসদ নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেনের পক্ষ থেকেও পাল্টা সাংবাদিক সম্মেলন করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী মকবুল হোসেন বিকাল সাড়ে ৪ টার সময় তার নিজ বাসভবনের সামনে পাল্টা সাংবাদিক সম্মেলন করেন। স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন এমপি’র সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম ও আওয়ামীলীগ নেতা ও গাংনী পৌরসভার মেয়র আহমেদ আলী। এসময় উপস্থিত ছিলেন, মহিলা ভাইসচেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল, যুবলীগ নেতা মজিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আওয়ামীলীগ নেতা আহসান উল্লাহ মোহন।