মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ অক্টোবর:
মেহেরপুর গাংনীতে একটি বাল্য বিয়ের ঘটনায় বরের পিতা বাদি হয়ে কনের পিতা-মাতাসহ ৫ জনকে আসামি করে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে প্রথম শ্রেণীর ম্যজিস্ট্রেট মাসুদ আলীর উপর তদন্তভার দিয়েছেন। জানা গেছে, মেহেরপুর গাংনী উপজেল আকুবপুর গ্রামের এনামূল হোসেনের ছেলে নাহিদ হাসান (১৫) বাদিয়াপাড়া মহসিনীয়া মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। তার সাথে মেয়ে বিয়ে দিতে গাংনী উপজেলার মুন্দা মাঝেরপাড়া গ্রামের মনিরুল ইসলাম ও তার স্ত্রী আমেনা খাতুন তাদের মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে দিতে উঠে পড়ে লাগে। মুক্তা বামুন্দী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। মুক্তার বর্তমান বয়স ১৩ বছর ৫ মাস। স¤প্রতি আমেনা খাতুন মোবাইল ফোনে নাহিদ হাসানকে ডেকে গাংনী উপজেলা শহরে নিয়ে আসে। সেখান থেকে তার মেয়ে মুক্তাসহ নিজের অন্যান্য আত্মীয়-স্বজনকে সাথে নিয়ে মেহেরপুর যায়। তারা মেহেরপুরের একটি কাজি অফিসে নিয়ে নাহিদ হাসানকে ফুসলিয়ে ও ভয় দেখিয়ে কিছু কাগজ-পত্রে স্বাক্ষর করে নেয়। পরে জানা যায়, তারা নাহিদ হাসানের সাথে তাদের মেয়ে মুক্তার বিয়ে দিয়েছে। এ ঘটনায় নাহিদ হোসেনের পিতা এনামূল হোসেন বাদি হয়ে মুক্তার পিতা-মাতাসহ ৫ জনকে আসামি করে বাল্য বিয়ে নিরোধ আইনের ৫ ধারায় একটি মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলেন কুষ্টিয়ার মীরপুর উপজেলার আমলা গ্রামের জিলুর রহমানের ছেলে সুজন, গাংনীর আকুবপুর গ্রামের হাসানুজ্জামানের ছেলে জাবেদ হাসান ও মেহেরপুর শহরের প্রধান ডাকঘর পাড়ার মহিরউদ্দিনের ছেলে রফিকুল ইসলাম।