মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারী: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ওষধ ব্যবসায়ী হামিদুর রহমান কালুকে (৩৫) জখম করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। মঙ্গলবার রাত ১১ টার সময় গাংনী ডিগ্রী কলেজ ক্যাম্পাস এরিয়াতে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইকারীদের পিস্তলের বাটের আঘাতে মারাত্বক জখম কালু এখন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। কালু কলেজ পাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে। হাসপাতালের চিকিৎসক মেহেদী হাসান জানান, আহত কালুর মাথায় ৬ টি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া তার শরীরের বিভিন্ন অংশে কোপানোর জখম রয়েছে। আহত হামিদুর রহমান কালু জানান, গাংনী উপজেলা শহরের তাহের ক্লিনিকের সামনে ওষুধের দোকান বন্ধ করে প্রতিদিনের মত আজকেও রাত ১১ টার দিকে বাড়ি ফিরছিলাম। ডিগ্রী কলেজের ক্যাম্পাসের মধ্যে পৌছানো মাত্রই ৪ জন ছিনতাইকারী পথ রোধ করে কাছে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পকেটে থাকা ওষুধ বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এসময় ছিনতাইকারীদের একজনকে জাপটে ধরে চিৎকার দিলে বাকি ছিনতাইকারীরা পিছন থেকে তাদের হাতে থাকা পিস্তলের বাট দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মারাত্বক জখম করে। স্থানীয়রা হৈ চৈ শুনে ঘটনাস্থলে আসেন। এলাকাবসির আগমন দেখে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর শুনে গাংনী থানার উপপরিদর্শক এস আই জাফর আহম্মেদ গাংনী হাসপাতালে এসে আহত কালুর খোঁজ খবর নেন। এস আই জাফর আহম্মেদ জানান, এ ঘটনার পর পুলিশের একটি টীম ডিগ্রী কলেজ পাড়া এলাকায় অভিযান শুরু করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত অজ্ঞাত ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।