মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ আগষ্ট:
মেহেরপুর গাংনী উপজেলার কমিউনিটি ক্লিনিক ব্যবস্থাপনার বিভিন্ন খাতের অর্থ হাতিয়ে নিচ্ছেন কিছু সরকারী কর্মকর্তা কর্মচারী। নিম্নমানের মালামাল ক্রয় করে দেখানো হচ্ছে ভাল মালের ভাউচার। কমিউনিটি হেলথ কেয়ার প্রভাইডারদের নামে যে পরিমাণ অর্থ বরাদ্দের স্বাক্ষর করানো হচ্ছে তাও দেওয়া হচ্ছে না। আর এ অর্থের ১০ ভাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিধান চন্দ্র, ১০ ভাগ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মৃগেন্দ্রনাথ সাহা ও বাকি অর্থ আরও কয়েকজন কর্মচারী ভাগ করে নিচ্ছেন। তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও হিসাব রক্ষণ কর্মকর্তা পরস্পর বিরোধী অভিযোগ করেছেন। অনুসন্ধানে জানা গেছে, গাংনী উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকের মধ্যে ২০টিতে ২টি করে ফ্যান ও ৩টি করে লাইট ক্রয় করা হয়। সরকারী বরাদ্দ ছিল প্রতি সেটে ৭ হাজার ৪শ টাকা। উপজেলা স্বাস্থ্য কমপেক্স থেকে ২টি ফ্যান ও ৩টি করে এনার্জি সেভিং লাইট সরবরাহ করা হয়। যার প্রতিটি সেট ক্রয় করা হয়েছে ৬ থেকে সাড়ে ৬ হাজার টাকার মধ্যে বলে অভিযোগ করেছেন কয়েকজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এই খাত থেকে অর্থ লোপাট করা হয়েছে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা। ক্রয় কমিটির সদস্যরা মালামাল ক্রয় করেছেন নাকি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই নিম্নমানের মালামাল ক্রয় করেছেন জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিধান চন্দ্র বলেছেন ফাইল দেখে বলতে হবে। এদিকে ৩৫টি কমিউনিটি ক্লিনিকে ১ কার্টুন করে ওষুধ পৌছানো, ফেব্র“য়ারী মাস থেকে মার্চ মাস পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতা খরচ ও স্টেশনারী সামগ্রী ক্রয় বাবদ গেল জুন মাসে ৩ হাজার ৩৮০ টাকার বিল ভাইচার তৈরী করেন হিসাব রক্ষক খলিলুর রহমান। ৩৫ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ৩ হাজার ৩৮০ টাকার বিলে স্বাক্ষর করলেও তাদের দেওয়া হয়েছে ২ দুই হাজার ৬শ টাকা করে। এ খাত থেকে লোপাট করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। কয়েকজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এ অভিযোগ করে বলেছেন হিসাব রক্ষক খলিলুর রহমান তাদের অর্থ দেওয়ার সময় বলেছেন কর্তন করা অর্থ ১০ ভাগ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও ১০ ভাগ উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তাকে দিতে হয়েছে। জানতে চাইলে হিসাব রক্ষক খলিলুর রহমান বলেন, এজিতে (হিসাব রক্ষণ অফিসে) কি হয় আপনারাতো জানেন। হিসাব রক্ষণ অফিসের কাকে টাকা দিয়েছেন প্রশ্ন করলে তিনি বলেন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মৃগেন্দ্রনাথ সাহা ও সহকারী শাহজাহানের হাতে দেওয়া হয়েছে। বাকি অর্থ স্যারকে (উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে) দেওয়া হয়েছে। আমি ওসবের মধ্যে নেই। এত কিছুর পরেও ঘুষ নেন না দাবি করে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মৃগেন্দ্রনাথ সাহা পাল্টা অভিযোগ করে বলেন মধ্যস্বত্বভোগী কেউ তার নাম ভাঙ্গিয়ে ওই টাকা পকেটস্থ করেছে। তাহলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাই তার নাম ভাঙ্গিয়ে পকেটস্থ করেছেন প্রশ্ন করলে তিনি বলেন হতে পারে। তা না হলে তিনি কেন অভিযোগ করবেন। বিলের ১০ভাগ অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিধান চন্দ্র বলেন, প্রতি বছর ওডিটের জন্য মোটা অংকের অর্থ ব্যয় হয়। তাই ওই ১০ ভাগ অর্থ রাখা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন টাকা নিয়ে হিসাব রক্ষণ কর্মকর্তা অস্বীকার করবেন এটি হতে পারে না। কমিশন ছাড়া কোন বিলে স্বাক্ষর করেন না হিসাব রক্ষণ কর্মকর্তা মৃগেন্দ্রনাথ সাহা। এই অর্থ গ্রহন ঘুষ কিংবা সরকারী আইনের চরম লঙ্ঘন কিনা জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাফ উত্তর সিস্টেম চালাতে গেলে নিতে হয়। এদিকে অর্থ লোপাটকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থার বিধান আছে জানতে চাইলে মেহেরপুর সিভিল সার্জন ডাঃ আবদুস শহীদ বলেন অবশ্যই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।