মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ নভেম্বর : মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ছাত্রীর বাবা ও চাচাত ভাইকে কুপিয়ে জখম করেছে গাংনীর শিশির পাড়ার হাসিবুল ও মওদুদ আহমেদ রিকু নামের দুই ইভটিজার। আহত দু’জনকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হলে চাচাত ভাই একই কলেজের ২য় বর্ষের ছাত্র তানভির আহমেদ কে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম ভ্রাম্যমান আদালত বসিয়ে মওদুদ আহমেদ রিকুকে ১ বছরের কারাদন্ডাদেশের আদেশ দেন। অপর ইভটিজার হাসিবুল পালিযে যাওয়ায় তার বিরুদ্ধে রায় দেয়া সম্ভব হয়নি বলে জানা গেছে।
জানা গেছে, আজ শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে গাংনী ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী উর্মীকে গাংনীর শিশিরপাড়ার রহমানের ছেলে হাসিবুল এবং ঠান্ডুর ছেলে মওদুদ আহমেদ রিকু ইভটিজিং করে। খবর পেয়ে উর্মীর বাবা মহিবুল ও চাচাত ভাই একই কলেজের ২য় বর্ষের ছাত্র তানভির প্রতিবাদ করলে হাসিবুল ও রিকু রামদা দিয়ে দু’জনকে কুপিয়ে জখম করে। এ নিয়ে এলাকায় চরম উত্তেশনা শুরু হয়। পরে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে দেখে মেহেরপুর সদর থানা থেকে অতিরিক্ত পুলিশে সেখানে নেয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুল আলম মেহেরপুর নিউজকে জানান,উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভভাম্যমান আদালত বসিয়ে রিকু নামের একজনকে ১ বছর জেল দেয়া হয়েছে। তিনি আরো জানান,পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে।