মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২২ এপ্রিল: মেহেরপুরের গাংনী উপজেলার যুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ২ ছাত্রকে পিটিয়ে জখম করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম। এরা হচ্ছে ৯ম শ্রেনীর ছাত্র আলমগীর ও ৭ম শ্রেনীর ছাত্র সাহেবুল। শিক্ষকের সাথে অসৈজন্যমুলক আচরণ করার কারণে তাদেরকে পেটানো হয়েছে বলে প্রধান শিক্ষক দাবী করলেও নির্যাতিত ছাত্রদ্বয়ের অভিভাবকগন জানান, শিক্ষকের কাছে কোচিং না করার কারণে কৌশলে তাদেরকে পেটানো হয়েছে। নির্যাতিত ছাত্র আলমগীরের মা পারুলা খাতুন জানান, বেশ কিছুদিন যাবৎ ওই স্কুলের শিক্ষক সুমন তার কাছে কোচিং করার জন্য চাপ দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় আলমগীরকে মাঝে মাঝে নির্যাতন করতেন তিনি। গত ১৫ এপ্রিল বন্ধুরা মিলে একটি পিকনিকের আয়োজন করলে মোবাইল ফোনে দাওয়াত করে সুমন স্যারকে। এ দাওয়াত করাটা একটা বেয়াদবী ও হুমকীর শামিল বলে তিনি প্রধান শিক্ষকের কাছে নালিশ করেন। সুমন স্যারের নালিশ পেয়ে প্রধান শিক্ষক ওই ২ ছাত্রকে ৩৬ বার বেত্রাঘাত করেন। এতে ২ জনই মারাত্মক অনুস্থ হয়ে পড়ে। রোববার অসুস্থ ছেলের জামা খুলে নির্যাতনের চিহ্ন দেখে আঁতকে উঠেন পারুলা। বিষয়টি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলে তিনি অসৌজন্যমুলক আচরণ করেন। আলমগীর মাঝে মধ্যে ঘুমের ঘোরে চিৎকার দিয়ে উঠছে বলেও তিনি জানান। প্রধান শিক্ষক আব্দুল করিম জানান, শিক্ষকদের সাথে বেয়াদবি করার কারণে পেটানো হয়েছে। ছাত্র পেটানো নিষেধ রয়েছে তারপরও কেন পেটানো হল এ ব্যাপারে তিনি কোন জবাব দেন নি। গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী জানান, ছাত্র নির্যাতন করা যাবে না। কোন ছাত্র অপরাধ করলে বা বেয়াদবি করলে তার অভিভাবককে জানাতে হবে। এটা না করে প্রধান শিক্ষক ছাত্র নির্যাতন করে ভুল করেছেন। বিষয়টি তিনি দেখবেন বলে জানান।