টপ নিউজ

গাংনীতে গাছ চাপায় মহিলার মৃত্যু : আহত-২

By মেহেরপুর নিউজ

February 12, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে গাছ চাপায় মর্জিনা খাতুন নছিয়া (৫০) নামের এক মহিলা নিহত হয়েছেন। তিন সন্তানের জননী নিহত নছিয়া ওই গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এসময় সাহারা খাতুন ও তাজুল নামের দু’জন আহত হয়েছেন। আহত সাহেদা ওই গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী ও তাজুল একই গ্রামের বাসিন্দা।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে হতাহতের ঘটনা ঘটে।

নিহত নছিয়া খাতুনের স্বামী আব্দুল খালেক জানান,সাহারবাটি গ্রামের মাঠে প্রতিবেশী আক্তারুল ইসলামের একটি কাঁঠাল গাছ কাটছিল শ্রমিকরা। আমার স্ত্রী ছাগলের খাবারের জন্য ওই গাছের পাতা নেয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে ছিল। এসময় কর্তনকৃত কাঁঠাল গাছটি আকস্মিকভাবে মর্জিনা,সাহেদা ও শ্রমিক তাজুল ইসলামের শরীরে পড়লে,তারা গুরুতরভাবে আহত হয়। এসময় মাঠের লোকজন তাদের উদ্ধার করে গাংনী সরকারী হাসপাতালে নিলে,ডাক্তার নছিয়াকে মৃত ঘোষণা করেন। আহত তাজুলকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সাহেদা মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।

গাংনী থানার ওসি বজলুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।