গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হাট বামন্দী গ্রামে আছমা খাতুন (২২) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে আত্মহত্যা নাকি সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এনিয়ে চলছে ধুম্রজাল।
গৃহবধূ আসমা বামন্দী শহরের পুলিশ ক্যাম্প পাড়ার বাসিন্দা ও সন্ধানী স্কুল এন্ড কলেজের প্রভাষক নাঈমুর রহমান ইরানের স্ত্রী এবং একই উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মথুরাপুর গ্রামের আমিরুল ইসলামের মেয়ে। শুক্রবার (১৪মে) দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসমার মৃত্যু হয়।
নিহত আসমা খাতুনের ননদ সুমাইয়া আক্তার জানান, গত ৬ বছর আগে আসমা ও আমার ভাইয়ের মধ্যে প্রেম সম্পর্কে গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। গত বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বাড়িতে কেউ না থাকায় আসমা তার নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। তখন পরিবারের ও স্থানীয় লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরের দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বামন্দী শহরের একটি ক্লিনিকে নেয়। ।
পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে,তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। তবে সে মানষিক রােগি ছিল। আসমার বড় বোন আয়েশা খাতুন জানান, আমার বোনের শ্বশুর বাড়ির লোকজন হঠাৎ করে আমার চাচাতো ভাইকে ফোন দিয়ে জানায় আসমা মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে সেখানে গিয়ে শুনতে পেলাম আসমা আত্মহত্যার চেষ্টা করেছিল। আসমার শ্বশুর পক্ষের লােকজনের একেক বারের এক এক কথা শুনে মনে হচ্ছে,তাকে মানষিকভাবে নির্যাতন করা হয়েছে। যার ফলে আত্মহত্যা করেছে।