মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ জুলাই: মেহেরপুর জেলার গাংনী উপজেলার জোড়পুকুরিয়া বাজারে চায়ের ষ্টলের সামনে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে গ্রাম্য যুবদলের সভাপতি ও ব্যবসায়ী লাবলুকে(৪০)। পুলিশ ঘটনাস্থলে পৌছিয়েছে। তবে এই হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গাংনী থানার ওসি আলমগীর হোসেন জানান,কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে এ মূহূর্তে বলা কঠিন। তবে ধারনা করা হচ্ছে,হত্যাকান্ডটি পরিকল্পিত। তদন্ত শেষে হত্যার আসল রহস্য উন্মোচিত হবে।
পুলিশ জানায়,আজ রাত পৌনে ১১ টার দিকে জোড়পুকুরিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে যুবদল নেতা লাবলু চা পান করার জন্য জোড়পুকুরিয়া বাজারে আসে। এসময় কয়েকজন সন্ত্রাসী চায়ের দোকানের সামনে তাকে ঘিরে ফেলে এবং সকলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। মৃত্য নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা এলাকা ত্যাগ করে। সংবাদ পেয়ে গাংনী থানার ওসি ঘটনাস্থলে পৌছে এবং লাশ উদ্ধার করে।
লাবলুর স্ত্রী আদরী খাতুন জানিয়েছেন, গত কয়েকদিন ধরে গ্রামের কয়েকজন সন্ত্রাসী তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। তারাই তাকে খুন করেছে। রাজনৈতিক বিরোধের জের ধরেই লাভলুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-০২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন মেহেরপুর নিউজকে বলেন, বিএনপি ও যুবদলকে নেতৃত্বশূন্য করার জন্য সরকারি দলের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি এ হত্যাকাণ্ডের নিন্দা ও খুনীদের গ্রেফতারের দাবি জানান।