তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামে সুজন আলীর ঘরে অগ্নিকান্ডে নগদ টাকা ও মালামালসহ অন্তত চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। সুজন আলী আড়পাড়া বাজারের একজন সাইকেল মেকার।
ক্ষতিগ্রস্থ সুজন আলী জানান, তিনি তার স্ত্রী অসুস্থতার জন্য শ্বশুর বাড়ী জানশুকা গ্রামে ছিলেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাড়ীর মোবাইল ফোনে জানতে পারেন তার ঘরে আগুন লেগেছে।
তিনি বাড়ীতে আসার পূর্বেই স্থানীয়রা এবং বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যদের প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওয়াল শোকেসে থাকা নগদ ৩৮ হাজার টাকা, ঘরসহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। সুজন মেকার মহিষাখোলা গ্রামের মিয়ারুল ইসলামের ছেলে। ক্ষতিগ্রস্থ ঘরমালিক সুজন মেকার আরো জানান, আগুনে নগদ টাকাসহ মোট চার লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তিনি বিভিন্ন সমিতি থেকে ঋণ গ্রহণ করে কোন ভাবে দিনকাল অতিবাহিত করতেন। আগুনে তাকে সর্বশান্ত করে দিয়েছে। তিনি সরকারী ও স্থানীয়দের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিসেন্স ষ্টেশন অফিসার ইছাহক আলী বিশ্বাস জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে আগুনের সংবাদ পেয়ে মহিষাখোলা গ্রামের আড়পাড়া রোডে সুজন আলীর বাড়ীতে যায়। সেখানে প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, মহিষাখোলা গ্রামে আগুনের সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।