তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
সাপের কামড়ে গোলাপি খাতুন (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
গোলাপি খাতুন মেহেরপুরের গাংনী থানাপাড়ার কৃষক হাফিজুর রহমানের স্ত্রী ও তিন সন্তানের জননী।
গোলাপির পারিবারিক সুত্রে জানা গেছে, নিজ ঘরের বিছানায় ঘুমন্ত অবস্থায় তার কোমরে সাপে কামড় দেয়। সাপ দেখতে না পাওয়ায় চিকিৎসার সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েন পরিবারের লোকজন। এক পর্যায়ে তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে সোমবার দিবাগত রাত ৪ টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম রিয়াজুল আলম বলেন, রোগীর শারীরিক অবস্থায় বিবেচনায় সাপের কামড়ের বিষয়টি মাথায় রেখে এন্টি ভেনম দেওয়ার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফারের সিদ্ধান্ত হয়। রেফার প্রক্রিয়া করার মধ্যেই তার মৃত্যু হয়। তিন সন্তানের জননীর এ অকাল মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।