বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

July 13, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নিজস্ব ভবন ও জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ শহীদ মিনারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির সভাপতি এবং গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান , সহ-সভাপতি ও করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কাজীপুর ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আলম হুসাইন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামে অবস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নামে দীর্ঘ বছর আগে জমি ক্রয় করা হয়। সেই সাথে ওই জমির উপর সমিতির অফিস নির্মাণ করা হয়। দীর্ঘ বছর পর বাঁশবাড়ীয়া গ্রামের হাবিবুর রহমান ওই জমি তার নিজের দাবি করে অবৈধ ভাবে রাতের আঁধারে ঘর নির্মাণ করেছেন। যা সরকারী আইনকে অমান্য করা হয়েছে।

তাই আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ এ স্থাপনা সরিয়ে না নিলে, মেহেরপুর জেলা পুলিশ সুপারের নিকট স্মারক লিপি প্রদানসহ কঠোর আন্দোলন করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ ও আরবিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান লিখন, লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ জাকির হোসেন, ভাটপাড়া (কুঠি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জেল হক, করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজমত উল্লাহ, সাহারবাটী ইবাদত খানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, গাঁড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা জাকিয়া সুলতানা আল্পনাসহ উপজেলা শিক্ষক সমিতির সদস্য ও উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।