বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে টাকা চুরির অপবাদ দিয়ে শিশুকে বিবস্ত্র করে নির্যাতন

By মেহেরপুর নিউজ

February 09, 2022

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের মহাম্মদপুর গ্রামে টাকা চুরির অপবাদ দিয়ে বাদল হোসেন (১৩) নামের এক শিশুকে বিবস্ত্র করে নির্যাতন করার অভিযােগ উঠেছে।

আহত বাদল হোসেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডের ৫ নং সিটে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনকারী তারই ফুফাতাে ভাই একই গ্রামের গিয়াস উদ্দীনের ছেলে আদম ব্যবসায়ী পলাশ হোসেন। নির্যাতনের শিকার শিশু বাদল হোসেন মহম্মদপুর গ্রামের গাইনপাড়ার ভাদু শেখ ছেলে ও মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

মঙ্গলবার সকাল ১১ টার সময় শিশুটিকে তার মা-বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে পলাশ হোসেনের নিজ বাড়িতে তাকে শারীরিক নির্যাতন করেন। নির্যাতনের শিকার বাদলের মা আশফিয়ারা খাতুন জানান, আমার ননদের ছেলে আদম ব্যাপারী পলাশ হোসেনের ৭ হাজার টাকা হারিয়ে গেছে।আমার ছেলে বাদলকে সে টাকা চুরি করেছে বলে মিথ্যা অভিযোগ দেয়। সকালের দিকে আমাকে বলে আপনার ছেলে আমার টাকা চুরি করেছে। তাকে আমি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবো।

এসময় জিজ্ঞাসাবাদের জন্য আমার সামনে থেকে তুলে নিয়ে যায় সে। তাদের বাড়ি নিয়ে গিয়ে বাদলের শার্ট ও প্যান্ট খুলে বিবস্ত্র করে গাছের ডাল দিয়ে পেটাতে থাকে। সারা শরীরে পেটানোর পর ডালটি ভেঙ্গে যায়। আবার পলাশের মা হামেদা খাতুন আরেকটি ডাল এনে দেই তার ছেলের হাতে। সেটি দিয়ে দ্বিতীয় দফা পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডাক্তার হামিদুল ইসলাম জানান, শিশুটির শরীরে ফোলা জখমের দাগ রয়েছে। শিশুটির মা আরও জানান, আদম ব্যাপারী পলাশ এর আগে একটি মামলায় জেল খেটে বাড়িতে এসেছে। এব্যাপারে মামলা করা হবে বলে জানান তিনি।