গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে নবগঠিত উপজেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবীতে গত ৫ জানুয়ারী থেকে লাগাতার কর্মসূচী দিয়ে আসছে কমিটি বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করে সভাপতি হিসেবে আমিনুল ইসলাম সেন্টু ও সাধারন সম্পাদক ফয়সাল জাহান শিশির এর নাম ঘোষণা দেওয়া হয়েছে। সে কারণে কমিটি বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা লাগাতার আন্দোলন করে আসছে। সেই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার দুপুরে গাংনী বাসষ্ট্যান্ডে কাফনের কাপুড় মাথায় বেঁধে পাকা সড়কে অবস্থান নিয়েছে এবং আমরণ অনশন শুরু করেছে কমিটি বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্যদের মোতায়েন করা হয়।
পরে গাংনী উপজেলার সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক পৌর মেয়র আহাম্মেদ আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন এবং উপজেলা পদিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ঘটনাস্থলে এসে ছাত্রলীগের কমিটি বঞ্চিত নেতাকর্মীদের নিকট থেকে তাদের দাবীর কথা শোনেন এবং বিষয়টি নিয়ে আজ সন্ধ্যায় বসে সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন প্রয়োজনে বিষয়টি সমাধানের জন্য যদি কেন্দ্রীয় পর্যায়ে যেতে হয় তিনি সেকাজটিও করবেন। তিনি জনগনের দুর্ভোগের কথা বিবেচনায় রেখে গাংনী বাসষ্ট্যান্ডের সড়কটি থেকে নেতাকর্মীদের সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে গাংনী পৌর ছাত্রলীগের সভাপতি ইমরান হাবীব ও গাংনী সরকারি ডিগ্রী কলেজ শাখার সভাপতি মাহমুদ হাসিব জানান, সিনিয়র নেতাদের আশ্বাসে তাদের চলমান আন্দোলন আপাততঃ স্থগিত করা হয়েছে তবে তাদের দাবী পূরণ না হলে তারা পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচী ঘোষণা করবে। এসময় আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।