বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পরিচয়হীন প্রতিবন্ধীর সন্তান প্রসব : খবর নিতে ছুটে গেলেন ইউএনও

By মেহেরপুর নিউজ

October 17, 2023

 সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামে পরিচয়হীন এক বাক ও মানষিক প্রতিবন্ধীর সন্তান প্রসবের খবর শুনে মা ও সদ্য ভূমিষ্ট কন্যা সন্তানকে দেখতে গিয়েছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। গত কয়েকদিন আগে এ প্রতিবন্ধী যুবতি দেবীপুর গ্রামের দিনমজুর মহাসিন আলীর বাড়িতে কন্যা সন্তান প্রসব করেন। এর আগে গত বৃহস্পতিবার পরিচয়হীন অন্ত:সত্তা বাক প্রতিবন্ধী যুবতি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল।

স্থানীয়দের ধারণা,কােন পুরুষের লালসার শিকার হয়েছেন এ প্রতিবন্ধী। অন্তঃসত্তা এ যুবতিকে দেখে আশ্রয় দেন দেবীপুর গ্রামের দিনমজুর মহাসিন আলী । আশ্রয় দেয়ার কয়েকদিন পর যু্বতির শারীরিক যন্ত্রণা শুরু হয়। এসময় আশ্রয়দাতা মহাসিন চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছিলেন, ২০-২৫ দিন পর অন্ত:সত্তা মায়ের সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। কিন্তু,চিকিৎসকের কাছ থেকে আসার একদিন পর অর্থাৎ গত ১৪ই অক্টোবর সন্তান প্রসব করেন প্রতিবন্ধী। বাক প্রতিবন্ধী হলেও সন্তানের প্রতি এক গভীর মায়া সৃষ্টি হয়েছে তার মধ্যে। সন্তানকে আদর-স্নেহ ভালোবাসা দিয়ে কোলে নিচ্ছেন। মায়ায় জড়িয়ে গেছেন আশ্রয়দাতা মহাসিন আলী ও তার স্ত্রী জোসনা খাতুন। নিজের নাতনীর মতোই যত্ন করছেন তারা । তবে আর বেশিদিন থাকা হবে না আশ্রয় দাতার কাছে।বাক প্রতিবন্ধী মা ও তার কন্যা সন্তানকে কিছুদিনের মধ্যে পাঠানো হবে নতুন ঠিকানায়। আর এ কথা শুনেই কান্না ভেঙে পড়েন আশ্রদাতা মহাসিন আলী ও তার স্ত্রী জোসনা খাতুন।

মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখতে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু দেবীপুর গ্রামের মহাসিন আলীর বাড়িতে যান। এসময় উপজেলা নির্বাহী অফিসার সদ্য ভূমিষ্ট এ সন্তানকে কােলে নিয়ে স্নেহ ও আদর করেন।

স্থানীয়রা জানান,বাক প্রতিবন্ধী এ মায়ের সন্তান প্রসবের পর কিছু পরিবর্তন দেখা যাচ্ছে তার মাঝে। সন্তানকে কোলে নিয়ে আদর করছেন ।তবে ধারণা করা হচ্ছে, বড় ধরণের কোন আঘাত পেয়ে তার মাথায় সমস্যা হয়েছে। যদি সঠিক চিকিৎসা পায়, হয়তো সে পুরো সুস্থ্য হতে পারেন। তবে তাদের এখান থেকে কােন সরকারী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা শুনেই কষ্টে বুক ভাসাচ্ছেন আশ্রয়দাতা মহাসিন ও তার স্ত্রী জোসনা খাতুন।

আশ্রয়দাতা মহাসিন আলী বলেন,সন্তান প্রসবের পর থেকে তার মাঝে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।সন্তানকে কোলে নিয়ে আদর সোহাগও করছে।আল্লাহর কাছে প্রার্থনা করি এই সন্তানের ওসিলায় তার স্মৃতিশক্তি ফিরে পাক। তাছাড়া আমরা সর্বোচ্চ দিয়ে তার সেবা যত্ন করছি। আমি আদর করে তার নাম রেখেছি ‘ফাতেমা’। তিনি আরো বলেন, পরিবার ছাড়া যে মানুষ কত অসহায়, তা বলে বোঝানো সম্ভব নয়। যখন শুনলাম এই প্রতিবন্ধী ও তার সন্তানকে এখান থেকে নিয়ে যাবে। তখন থেকে বুক ফেটে কান্না বের হচ্ছে। প্রতিবন্ধী ও কন্যা ফাতেমার প্রতি আমরা এক অন্যরকম মায়া জড়িয়ে গেছি।আমাদের ভূলে থাকা কষ্ট হবে। তারপরও চাইবো ওর ঠিকানা খুঁজে পাক। ভালো থাকুক যেখানেই থাকবে। তারা দুজনেই সারা জীবন আমার এ হৃদয়ের স্মৃতিতে রয়ে যাবে। আর এই কন্যা সন্তানটি নেয়ার জন্য আমার সাথে প্রায় ১৫ থেকে ২০ জন যোগাযোগ করেছে। কিন্তু আমি কাউকে দিইনি।

আশ্রয়দাতা মহাসিন আলীর স্ত্রী জোসনা খাতুন বলেন, আমি সবসময় চেষ্টা করছি, তার মুখ থেকে কথা বের করার।কিন্তু এখন তার নাম ‘শরিফা’ ছাড়া আর কিছুই বলতে পারছে না।লোকজন আসলে, ছল-ছলে চোখে তাকিয়ে থাকছে। তিনি আরো বলেন,সন্তানের ওসিলায় আল্লাহ যদি তার স্মৃতিশক্তি ফিরিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ।অল্প দিনের মধ্যে তাদের নিয়ে যাবে এ কথা শুনে আমার বুক দুমড়ে-মুচড়ে যাচ্ছে।কারণ আমি একজন মা।এই এক সপ্তাহে আমি তাকে পরম মায়ায় জড়িয়ে ফেলেছি।কিছুদিনের মধ্যে আমার ‘ফাতেমা’ চলে যাবে নতুন ঠিকানায়। যতােদিন বাঁচবো, আমি কোনদিনও তাদের ভূলতে পারবো না।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহা: আরশাদ আলী বলেন,ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক কিছুদিনের মধ্যে দিন-তারিখ ঠিক করে তাকে নতুন ঠিকানা’সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র’ কুষ্টিয়াতে পাঠানাে হবে। তিনি আরাে বলেন,বাক প্রতিবন্ধী মাকে নাম জিজ্ঞাসা করা হলে, শুধু তিনি এতোটুকু বলেছেন ‘শরিফা’। তাছাড়া তিনি আর কোন কথা বলতে পারেননি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, সরজমিনে গিয়ে বাক প্রতিবন্ধী মা ও তার কন্যা সন্তানকে আর্থিক সহযোগিতা,পোশাক ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বাক প্রতিবন্ধী মা ও তার কন্যা সন্তানকে ‘সামাজিক প্রতিবন্ধী মেয়েদের প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে’ পাঠানোর ব্যবস্থা করবাে ।