তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে পাখি ভ্যানের ধাক্কায় হুজাইফা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার সকালে পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ড চৌগাছা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হুজাইফা উপজেলার চৌগাছা গ্রামের পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম ও নুরবাগ হাফেজিয়া মাদ্রাসার সহকারী পরিচালক শফিকুল ইসলামের ছেলে। শিশুর বাবা শফিকুল ইসলাম জানান, স্থানীয় মিজানুর রহমানের চায়ের দোকানে বিস্কুট কেনার জন্য গেলে শিশু হুজাইফা পাকারাস্তা পেরিয়ে তার বাবার ছুটে যাচ্ছিল।
এ সময় চারজন স্কুলছাত্র নিয়ে উপজেলার সাহারবাটি থেকে গাংনীর উদ্দেশ্যে দ্রুতগতিতে আসা একটি পাখি ভ্যান চালক নিয়ন্ত্রণ হারিয়ে শিশু উজাইফাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। শিশুর বাবা ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিডি দাস তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, শফিকুল ইসলাম চাকরির সুবাদে প্রায় এক যুগ পূর্বে চৌগাছা গ্রামে আসে। বর্তমানে তিনি চৌগাছা গ্রামের পশ্চিম পাড়ায় রবিউল ইসলামের বাড়িতে ভাড়া থাকেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলা কালীগঞ্জ উপজেলার ফরিদপুর গ্রামে।
পারিবারিক সূত্রে জানা গেছে, চৌগাছা গ্রামে হুজাইফার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করা হবে। গাংনী থানা অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।