বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

By মেহেরপুর নিউজ

March 26, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামে নারী ঘটিত ও টাকা সংক্রান্ত বিষয় নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার সকালে গাংনী উপজেলা শহরে সংবাদ সম্মেলনের আয়োজন করে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর ও ভাটপাড়া গ্রামের চাইনা খাতুন । এর আগের দিন শুক্রবার গাংনী উপজেলা শহরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন চুয়াডাঙ্গার জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাসিন্দা মৎস্য চাষি মহাম্মদ আলী।

শুক্রবার সংবাদ সম্মেলনে মৎস্য চাষি মহাম্মদ আলী বলেন.ভাটপাড়া গ্রামে আমি একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলাম। আমাকে মাছ চাষ করতে দেবেনা এ লক্ষে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাটপাড়া গ্রামের বাসিন্দা আলী আজগর নানা ভাবে ষড়যন্ত্র করে আসছিলেন। অবশেষে তিনি ভাটপাড়া গ্রামের এক নারী লেলিয়ে দিয়ে আমাকে পরকীয়ার অভিযোগে সালিসের নামে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় ও লিজকৃত পুকুরের মাছ জোরপূর্বক বিক্রির করেন।

আমার বাড়ি অন্য এলাকায় হওয়ায় এবং আলী আজগরের প্রভাব দেখানোর কারণে আমি অপরাধী না হয়েও জরিমানার টাকা আলী আজগরের হাতে দিই। লিখিত বক্তব্যেই আরো বলেন, আমি গত বছরে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগরের কাছ থেকে ৩ লক্ষ টাকা দিয়ে একটি পুকুর নিয়ে ৩ বছরের চুক্তিতে মাছ চাষ শুরু করি। আমি সেখানে থাকা অবস্থায় বিভিন্ন সময়ে আলী আজগর ও তার লোকজন আমাকে বিভিন্ন ভাবে অত্যাচার করেন। আমাকে পুকুর লিজ দিয়ে আবার সেই পুকুরের মাছ আত্মসাত করতে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করেন। সব শেষে ভাটপাড়া গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী চাইনা খাতুনের সাথে মিথ্যা অপবাদ দিয়ে আমার কাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করেছেন। আমার কাছ থেকে ব্লাক মেইল করে নেওয়া সেই টাকা আমি তার কাছ থেকে ফেরত পেতে এই সংবাদ সম্মেলন করেছি।

তিনি আরো বলেন চাইনা খাতুন নামের ওই প্রবাসীর স্ত্রীর সাথে আমার ভাল সম্পর্ক। তার স্বামীর অনুরোধে তাকে আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছিলাম। সেখানে গিয়ে মোবাইলফোনে তার প্রবাসী স্বামীর সাথে মনোমালিন্য হয়। পরে সে ১০টি ঘুমের বড়ি খেয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। এঘটনায় আমি তাকে হাসপাতালে ভর্তি করিয়ে ৫/৬ দিন সেখানে থাকতে হয়। পরে আমরা বাড়ি ফিরে এলে তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।

এদিকে শনিবার সকালে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ধানখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী আজগর ও প্রবাসীর স্ত্রী চাইনা খাতুন সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে আলী আজগর বলেন,মৎস্য চাষি মহাম্মদ আলী প্রবাসীর স্ত্রী চাইনা খাতুনকে অর্থ-সম্পদের লোভ দেখিয়ে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। ওই সম্পর্কের জের ধরে মহাম্মদ আলী প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করেন। যা ওই ধর্ষিতা নিজেই আমাদের জানিয়েছে। প্রবাসীর স্ত্রী ও মহাম্মদ আলী পুকুর লিজ নিয়ে যৌথভাবে মাছ করে আসছিলেন। তাদের মধ্যে পাওনা টাকা নিয়ে বিরোধ হয়েছিল। ওই টাকার মীমাংসার জন্য আমিসহ এলাকার মাতব্বরেরা একটি সালিস করেছিলাম। সালিসে মহাম্মদ আলী প্রবাসীর স্ত্রী চাইনার টাকা ফেরত দেয়ার কথা বলে আর দেয়নি। টাকা ফেরত না দেয়ার জন্য কৌশলে মহাম্মদ আলী আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছেন। যার কোন ভিত্তি নেই।

এদিকে সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী চাইনা খাতুন বলেন, মহাম্মদ আলী আমাকে ভয়ভীতি দেখিয়ে একাধিক দিন ধর্ষণ করেছেন। আমি প্রাণ বাঁচাতে নিরবে সহ্য করে গেছি। আমাকে রাজশাহীতে চিকিৎসা দেয়ার নাম করে ধর্ষণ করার চেষ্টাকালে আমি বাঁধা দিতে যায়। এক পর্যায়ে সে আমাকে কৌশলে চেতনানাশক ওষধ খাওয়ার পর ধর্ষণ করেন। এ বিষয়ে আমি থানায় একটি অভিযোগ দিয়েছে। তারপরও সে আমাকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। আমি এ প্রতারক ও ধর্ষকের বিচার চাই।