গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে গাভী পালন (পি-জি) খামারীদের মাঝে প্রয়োজনীয় মালামাল বিতরণ করা হয়েছে। প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় গাংনী উপজেলার মোট ৪৮০ জন খামারী ধাপে ধাপে এই সামগ্রী পাচ্ছেন।
বুধবার সকালে উপজেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে এসব মালামাল বিতরণের উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোত্তালেব আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আলাউদ্দীন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন এলএসপি প্রতিনিধিসহ স্থানীয় গাভী খামারীরা।
উপজেলা প্রাণী সম্পদ সূত্র জানায়,গাভী পালনকারীদের উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুধ উৎপাদন বৃদ্ধিই এই প্রকল্পের মূল লক্ষ্য। মালামাল প্রাপ্তির মাধ্যমে খামারীরা আরও উৎসাহিত হবেন ও উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। স্থানীয় খামারীরা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এ সহায়তা তাদের খামার ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।