মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ জানুয়ারি: মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ভাটপাড়া ও সহড়াতলা গ্রামে অভিযান চালিয়ে ৫’শ গ্রাম গান পাউডার ও ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ । এ ঘটনায় গাংনী থানায় বিস্ফোরক ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে বলে গাংনী থানার ওসি জানিয়েছে। তবে এসব উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
গাংনী থানার ওসি মাছুদুল আলম মেহেরপুর নিউজকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গান পাউডার ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার কসবা ভাটপাড়া এলাকার জনৈক জামালউদ্দীনের পান বরজের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ৫’শ গ্রাম বোমা তৈরীর গান পাউডার উদ্ধার করে কসবা আইসি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আশরাফুল ইসলাম।
অপরদিকে বিকেলের দিকে গাংনী থানার এস আই আব্দুল জলিল মাতব্বর, একরাম হোসেন ও এ এস আই মাজেদুল ইসলাম যৌথভাবে উপজেলার সহড়াতলা গ্রামের সাদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘর থেকে ১৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন।