এস এম মেহেরাব হোসেন:
মেহেরপুরের গাংনী উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রায় ৪০ লক্ষ টাকা ব্যায়ে ক্রয় করা বায়োমেট্রিক ডিভাইস পড়ে থেকে নষ্ট হওয়ার পথে। অযত্ন-অবহেলায় স্কুলগুলিতে পড়ে আছে ডিভাইস গুলো। অথচ শিক্ষকদের মনিটরিং করার জন্য ২০১৯ সালে সিলিফ ফান্ডের অর্থ দিয়ে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এই ডিভাইস বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অনুসন্ধান করে জানা গেছে, ২০১৯ সালের জুলাই মাসে মেহেরপুর শহরের কম্পিউটার মেট নামের একটি প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেওয়া হয়। প্রথম দফায় ১২ হাজার করে উপজেলার ১৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা বসানো হয়। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী অনলাইন ডিভাইস বসানোর কথা থাকলেও ওই সময় জেড কে টেকোর কে৪০ মডেলের ডিভাইস বসান শিক্ষা প্রতিষ্ঠানগুলো। যা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ছিলো না। পরবর্তীতে এটা নিয়ে মহা বিপাকে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তাই অনেকটা বাধ্য হয়েই ২০২০ সালের শেষ দিকে নতুন করে ডিভাইস বসানোর দায়িত্ব দেওয়া হয় স্মার্ট আইটি সলিউশন নামের একটি প্রতিষ্ঠানকে। তাদের সাথে চুক্তি হয় ৮ হাজার ও পুরাতন অফ লাইন ডিভাইসের বিনিময়ে সরকারি নির্দেশনা অনুযায়ী আরএস টোয়েন্টি মডেলের ডিভাইস বসানোর। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৬২টি প্রতিষ্ঠানে আরএস টোয়েন্টি মডেলের ডিভাইস বসানোর কাজ শেষ করলেও বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান তাদের পুরাতন অফলাইন ডিভাইস প্রদান করেননি।
এবিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, কথা ছিলো অনলাইন ডিভাইসের সাথে সফটওয়্যার কানেক্ট করে নিয়মিত হাজিরা মনিটরিং করার কিন্তু ডিভাইস বসানো হলেও সফটওয়্যার কানেক্ট না থাকায় তা সম্ভব হচ্ছে না। মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে প্রাথমিক বিদ্যালয় গুলো। সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস বসানো হয়েছে। তিনি আরো বলেন, কর্তৃপক্ষ চাইলে যেকোন সময় সফটওয়্যার কানেক্ট করে হাজিরা মনিটরিং করতে পারবে।
এবিষয়ে জানতে চাইলে স্মার্ট আইটি সলিউশনের সিইও হাসান মাহামুদ বলেন, চুক্তি অনুযায়ী আমরা গাংনী উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে আরএস টুয়েন্টি ডিভাইস বসিয়েছি। তবে বেশির ভাগ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অফলাইন ডিভাইস প্রদান করেননি। তবে আমাদের সকল কাজ শেষ করেছি। শিক্ষা প্রতিষ্ঠান চাইলে সফটওয়্যার কানেক্ট করে হাজিরা মনিটরিং করতে পারবে। এবিষয়ে জানতে চাইলে গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাজাহান আলী বলেন, করোনার আগে ও পরে দুইদফা মিলিয়ে গাংনীতে ডিজিটাল হাজিরা ডিভাইস চালু করার চেষ্টা করা হয়েছে। তবে এটা এখনো কার্যকর করা সম্ভব হয়নি। তবে এবিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহন করার জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে চিঠি ইস্যু করে দ্রুত এই প্রজেক্ট চালু করা হবে।