তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে বসতবাড়ির মধ্যবর্তী স্থানে অবৈধভাবে খনন করা হচ্ছে পুকুর। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ভুক্তভোগীরা ০৮/১২/২০২০ ইং তারিখে একটি লিখিত অভিযোগ করেন।
সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, আড়পাড়া গ্রামের আ.ফ.ম ইদ্রিস আলীর ছেলে ফিরোজ আহমেদ পূর্বের পুকুরটি পুনঃ খনন শুরু করে। তবে নতুনভাবে সংস্কারের নামে তিনি আরো বেশ জায়গা ধরে নিয়ে অনেক গভীর করে পুকুরটি খনন করছেন এবং মাটির কিছু অংশ ইটের ভাটায় বিক্রী করছেন। তবে পাশে বসবাসকারী লোকজনের লিখিত আবেদনের প্রেক্ষিতে আপাতত খনন কাজ বন্ধ রয়েছে।
ভুক্তভোগীদের মধ্যে আশকার আলী জানান, এভাবে গভীর করে পুকুর খনন করার সময় নিষেধ করলে ফিরোজ উল্টে আমাদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেয়। যেহেতু পুকুরের তিনদিকে বসত বাড়ি রয়েছে তাই বর্ষা মৌসুমে পুকুরের পাড় ভেঙ্গে বসতবাড়ি পুকুরে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ছোট শিশুরা অসাবধানতাবশত পুকুরে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। তাই বসতবাড়ির পাশে পুকুর খনন না করার জন্য জোর দাবী জানান।
পুকুর মালিক ইদ্রিস মাষ্টার জানান, ইতোপূর্বে ওই জমিতে পুকুর ছিল। সেই পুকুরটি পুনঃ সংস্কার করা হচ্ছে মাত্র। যেহেতু সকলে অভিযোগ রয়েছে তাই আপাতত পুকুর খননের কাজ বন্ধ রাখা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর এ আলম সিদ্দিকী জানান, পুকুর খনন বন্ধের জন্য একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তাকে দিয়ে তাৎক্ষনিক খনন কাজ বন্ধ করে দেয়া হয়েছে।