বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত,১০ যাত্রী আহত

By মেহেরপুর নিউজ

December 20, 2023

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে দূরপাল্লার যানবাহন এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।

বুধবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন জেলার গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

আহতদের পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন চেংগাড়া বাজারের অদূরে একটি কালভার্টের কাছে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটােভ্যানকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় বাস ও ভ্যানটি প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালক ও বাসের যাত্রীসহ ১১জন আহত হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে, কর্তব্যরত চিকিৎসক ডা.ফারুক হোসেন ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকী আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে।