বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন

By Meherpur News

June 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে বাড়ি ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বিএনপি কর্মী মজিদুল ইসলাম ও তার ভাই মহিরুল ইসলাম।

শুক্রবার সকাল ১১টার দিকে গাড়াবাড়িয়া গ্রামে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নাম ব্যবহার করে সাজ্জাদ হোসেন পলাশ এলাকায় ভয়ভীতি প্রদর্শন, জমি দখল, চাঁদাবাজি, হামলা-মামলার হুমকি এবং সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তার কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রায় পাঁচ বছর আগে জেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মো. সিদ্দিকুর রহমানের কাছ থেকে সাড়ে ১৬ শতক জমি ক্রয় করেন মজিদুল ইসলাম। ওই জমিতে ঘরবাড়ি নির্মাণ ও বিভিন্ন গাছপালা রোপণ করা হয়। জমির সকল বৈধ কাগজপত্র ও রেকর্ড থাকা সত্ত্বেও সাজ্জাদ হোসেন পলাশ তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

মজিদুল ইসলামের দাবি, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় তার প্রতিপক্ষ মকলেচুর রহমান, আবুল কালাম এবং তাদের সহযোগীরা জোরপূর্বক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে জমি দখল করে নেয়। এতে তার প্রায় ৫ থেকে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ঘটনায় মেহেরপুর আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, মামলা করার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ফলে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং যেকোনো সময় হামলা, মিথ্যা মামলা কিংবা অন্য ধরনের হয়রানির আশঙ্কা করছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।