রাজনীতি

গাংনীতে বিএনপি’র ইফতার মাহফিলে পুলিশের নিষেধাজ্ঞা জারী

By মেহেরপুর নিউজ

August 07, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ আগস্ট: মেহেরপুরের গাংনী পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের উপর নিষেধাজ্ঞা জারী করেছে পুলিশ। ইফতার মাহফিলে রাজনীতি করন ও নাশকতার আশংকায় বুধবার দুপুরে গাংনী থানা পুলিশ এ নিষেধাজ্ঞা জারী করেছে। বিএনপি’র জাতীয় কমিটির ত্রান বিষয়ক সহ-সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন জানান, বুধবার গাংনী ডিগ্রী কলেজ মাঠে বিএনপি’র ইফতার মাহফিলের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে অনুমতি নেয়া হয়। ইফতার মাহফিলের সকল আয়োজন সম্পন্ন করা হয়। হঠাৎ দুপুর ১২ টার দিকে গাংনী থানার ওসি মাসুদুল আলম মোবাইল ফোনে নিষেধাজ্ঞা জারী করেন। এতে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছে। তিনি আরো জানান, পুলিশ রাজনৈতিক চাপে খোড়া অজুহাতে ইফতার মাহফিল বন্ধ করছে যা আদৌ ঠিক নয়। অনেক গন্য মান্য ব্যাক্তি ও রাজনৈতিক ব্যাক্তিদের দাওয়াত দেয়ার পর মাহফিল বন্ধ হওয়ায় শেষ  পর্যন্ত শহর ও গ্রামে মাইকিং করা হচ্ছে। এ ব্যাপারে গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, পুলিশের গোয়েন্দা ও সোর্সের মাধ্যমে জানা গেছে ইফতার মাহফিলে নাশকতামুলক কর্মকান্ড ঘটতে পারে বলে আশংকা করা ছাড়াও ইফতার মাহফিলে রাজনীতির চর্চা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । ফলে ইফতার মাহফিল না করার জন্য অনুরোধ করা হয়েছে।