মেহেরপুর নিউজ, ০৪ ডিসেম্বর: মেহেরপুরের গাংনীতে আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুুতি সভায় বিভিন্ন উপকমিটিতে নাম অন্তর্ভুক্ত করণ নিয়ে আওয়ামীলীগ নেতাকর্মীদের তোপের মুখে পড়েন গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী। সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণুপদ পাল। সাবেক মেয়র আহমেদ আলী গাংনী উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য। প্রত্যক্ষদর্শী ও আওয়ামীলীগ নেতা কর্মীরা জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন উপ কমিটিতে নাম অন্তর্ভুক্তি করণের সময় গাংনী পৌরসভার সাবেক মেয়র আহমেদ আলী ইউনিয়ন কমিটি নিয়ে বিতর্ক আছে উল্লেখ করে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকদের নাম বাদ দেওয়ার দাবি করেন। এসময় আওয়ামীলীগের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন আহমেদ আলী। এক পর্যায়ে তুমুল হট্ট্রগোলের সৃষ্টি হয়। পরে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মো: মকবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের হস্তক্ষেপে প্রস্তুতি সভা পুনরায় শুরু হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল বলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দের নাম বিভিন্ন কমিটিতে রাখা নিয়ে মতবিরোধের কারনে সাময়িক ভাবে একটু সমস্যা হয়েছিলো। পরে ঠিক হয়ে গেছে।
গাংনী পৌরসভার বর্তমান মেয়র আশরাফুল ইসলাম আওয়ামীলীগ করেননা এমন দাবি করে উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন বলেন, তাঁকে কোন কমিটিতে রাখা যাবেনা। এসময় প্রতিবাদ জানিয়ে উপজেলা যুবলীগের সহ সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র নবীর উদ্দীন বলেন, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম জেলা যুবললীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য তাই তাকে কমিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, ফুলকুড়ি অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌহিদ হোসেন, সাধারন সম্পাদক বিপ্লব হোসেন সহ আওয়ামীলীগের নেতাকর্মী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।