বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীতে বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

By Meherpur News

April 23, 2026

সাহাজুল সাজু :

মেহেরপুরের গাংনী অঞ্চলে তীব্র বিদ্যুৎ সংকটের কারণে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। শহর থেকে গ্রাম। সবখানেই বিদ্যুতের অনিয়মিত সরবরাহে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দিনে-রাতে দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ায় দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। গরমের এই সময়ে বিদ্যুৎ না থাকায় অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের কষ্ট আরও বেড়েছে। ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। ছোট দোকান, কারখানা ও কৃষিকাজ বিদ্যুতের ওপর নির্ভরশীল হওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অনেকেই।

স্থানীয়রা জানান, দিন-রাত ২৪ ঘণ্টায় বিদ্যুত থাকতে মাত্র ৪ ঘণ্টা। তাও আবার বিদ্যুত ২০ মিনিট স্থায়ী থাকছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, নির্ধারিত কোনো সময়সূচি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এতে তারা পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারছেন না।

বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় সাময়িকভাবে লোডশেডিং করতে হচ্ছে। তবে পরিস্থিতি উন্নয়নে কাজ চলছে বলে তারা দাবি করেন।

বিশেষজ্ঞদের মতে, বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন, বিকল্প শক্তির ব্যবহার বৃদ্ধি এবং অবকাঠামো উন্নয়ন ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।